সোমবার, ১২ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গাজীপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার পিকআপ ভ্যান, কাটার, রড ও সামুরাই উদ্ধার

মোঃ ফরিদ হোসেন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:২০ pm
৬
গাজীপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার পিকআপ ভ্যান, কাটার, রড ও সামুরাই উদ্ধার

মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ সময় তাদের হেফাজত থেকে একটি পিকআপ ভ্যান, একটি বড় কাটার, ২৮টি রড ও একটি সামুরাই উদ্ধার করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) প্রকাশিত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, ৫ অক্টোবর রাত ১টা ৩৫ মিনিটের দিকে মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার ও ছয়জনকে গ্রেপ্তার করে।

প্রেস রিলিজ অনুযায়ী, মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে এসআই মো. আবু বকর সিদ্দিক, এসআই বেলাল হোসেন ও এসআই/মো. জাহিদুল ইসলামসহ একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বাসন থানাধীন ইছাইটা এলাকার সাকিনস্থ ভাওয়াল কলেজের উত্তর পাশে সিদ্দিক টাওয়ারের সামনে পাকা রাস্তার ওপর একটি মাহিন্দ্রা পিকআপ ভ্যান আটক করা হয়।

পরে ওই পিকআপ ভ্যান থেকে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্যদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মিলন শেখ (৪৫), মজিদ আহমেদ (৪৫), সবুজ আলী (৩২), রেজাউল করিম ওরফে রেজা (৪৫), ওঙ্কুর আলী ওরফে জীবন (৩৫) এবং আহমদ (৪৭)।

পুলিশের প্রেস রিলিজে উল্লেখ করা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, দস্যুতা ও ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার মিলন শেখের বিরুদ্ধে একটি চুরি, একটি অস্ত্র ও একটি ডাকাতির প্রস্তুতির মামলা এবং মজিদ আহমেদের বিরুদ্ধে সাতটি চুরি, তিনটি দস্যুতা ও একটি ডাকাতির মামলার তথ্য উল্লেখ করা হয়েছে।

অভিযানে উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে একটি পিকআপ ভ্যান, একটি বড় কাটার, ২৮টি রড ও একটি সামুরাই। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে প্রেস রিলিজে জানানো হয়েছে।

সূত্র: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি), গোয়েন্দা উত্তর বিভাগ।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!