বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

দর্শকের ভালোবাসায় আপ্লুত রুনা লায়লা, আরও বড় কনসার্টের আশ্বাস কিংবদন্তি শিল্পীর

তানিয়া আক্তার ফারজানা তানিয়া আক্তার ফারজানা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০৩ am
দর্শকের ভালোবাসায় আপ্লুত রুনা লায়লা, আরও বড় কনসার্টের আশ্বাস কিংবদন্তি শিল্পীর

তানিয়া আক্তার ফারজানা

বাংলা গানের জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা দর্শকদের অকৃত্রিম ভালোবাসা ও অভূতপূর্ব সাড়ায় অভিভূত হয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে কনসার্ট আয়োজনের আশ্বাস দিয়েছেন। সম্প্রতি রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত তাঁর একক সংগীতানুষ্ঠান ঘিরে দেশজুড়ে যে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে, তার জন্য ভক্ত-শ্রোতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। গত ২৪ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে রুনা লায়লাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে তিনি একক সংগীতানুষ্ঠানে অংশ নেন। দীর্ঘ ৬২ বছরের সংগীতজীবনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে এটিই ছিল তাঁর প্রথম একক কনসার্ট। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসা অসংখ্য দর্শক-শ্রোতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

শুরু থেকে শেষ পর্যন্ত একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন রুনা লায়লা। শুধু সংগীত পরিবেশনই নয়, অনুষ্ঠান উপস্থাপক আফজাল হোসেন এবং উপস্থিত দর্শকদের সঙ্গে প্রাণবন্ত কথোপকথন ও হাস্যরসের মাধ্যমে পুরো আয়োজনকে আরও উপভোগ্য করে তোলেন তিনি। কনসার্টের বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশ-বিদেশের ভক্তদের কাছ থেকেও ব্যাপক প্রশংসা পান এই কিংবদন্তি শিল্পী।

এক ভিডিও বার্তায় রুনা লায়লা বলেন, "আমাকে যারা এত ভালোবাসা, শ্রদ্ধা এবং উৎসাহ দিয়েছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। একজন বাংলাদেশি শিল্পী হিসেবে আমি গর্বিত। শুধু বাংলাদেশ নয়, ভারত ও পাকিস্তানেও আমার অসংখ্য শ্রোতা রয়েছেন। তাদের ভালোবাসা ও দোয়ার কারণেই আজ আমি এই অবস্থানে পৌঁছেছি। ইনশা আল্লাহ, আমি নিয়মিত গান গেয়ে আপনাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করব।"

তিনি জানান, শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে মাত্র ৭৫০ জন দর্শকের বসার ব্যবস্থা থাকায় অনেক ভক্ত কনসার্টটি সরাসরি উপভোগ করতে পারেননি। সেই কারণেই ভবিষ্যতে আরও বড় ভেন্যুতে অধিকসংখ্যক দর্শক-শ্রোতাকে নিয়ে বিশেষ কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। রুনা লায়লা বলেন, "অনেকেই আসনসংখ্যা সীমিত থাকার কারণে কনসার্টে উপস্থিত থাকতে পারেননি। সামনে আমরা আরও বড় পরিসরে আয়োজন করতে চাই, যাতে আরও বেশি মানুষ সরাসরি অনুষ্ঠান উপভোগ করতে পারেন। আবারও আপনাদের জন্য গান গাওয়ার সুযোগ পাব বলে আশা করছি।"

এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যস্ত সময় পার করছেন রুনা লায়লা। প্রায় এক দশক পর তিনি অস্ট্রেলিয়ায় কনসার্ট করতে গেছেন। আগামী ১ আগস্ট সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে 'বাংলাদেশ নাইট' কনসার্টে তাঁর সঙ্গে পরিবেশনায় থাকবেন সংগীতশিল্পী পিন্টু ঘোষ এবং ইমন চৌধুরীর গানের দল বেঙ্গল সিম্ফন। এছাড়া ৮ আগস্ট মেলবোর্ন রিসাইটাল সেন্টারে অনুষ্ঠিত হবে 'রুনা লায়লা অ্যান্ড সিম্ফনি লিগ্যাসি ট্যুর', যেখানে তাঁর জনপ্রিয় গান নতুন আঙ্গিকে পরিবেশিত হবে। ছয় দশকেরও বেশি সময় ধরে বাংলা, উর্দু, হিন্দিসহ বিভিন্ন ভাষায় অসংখ্য কালজয়ী গান উপহার দেওয়া রুনা লায়লা আজও সংগীতপ্রেমীদের হৃদয়ে সমানভাবে জনপ্রিয়। তাঁর সাম্প্রতিক এই কনসার্ট এবং দর্শকদের বিপুল সাড়া প্রমাণ করে, সময়ের পরিক্রমায় তাঁর সংগীতের আবেদন এতটুকুও কমেনি।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!