বুধবার, ২৯ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বেকারত্বের বাস্তব চিত্র উখিয়ায়: প্রবল বৃষ্টি উপেক্ষা করে ফ্যামিলি কার্ডের মাঠকর্মী ও সুপারভাইজার পদের ভাইভায় শত শত পরীক্ষার্থী

মো গিয়াস উদ্দীন মো গিয়াস উদ্দীন
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০০ pm
বেকারত্বের বাস্তব চিত্র উখিয়ায়: প্রবল বৃষ্টি উপেক্ষা করে ফ্যামিলি কার্ডের মাঠকর্মী ও সুপারভাইজার পদের ভাইভায় শত শত পরীক্ষার্থী

আজ ২৯ জুলাই সকাল ১১ টা থেকে উখিয়া উপজেলা সমাজসেবা অধিদপ্তরের অধীনে ফ্যামিলি কার্ড বাছাইয়ের জন্য মাঠকর্মী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক (ভাইভা) পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা চত্বরের হলরুমসহ বিভিন্ন কক্ষে মোট ৯টি ইউনিটে বিভক্ত করে এই ইন্টারভিউ কার্যক্রম পরিচালনা করছেন উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা।

জানা গেছে, মাঠকর্মীর ৮১টি এবং সুপারভাইজারের ৯টি শূন্য পদের বিপরীতে আজ প্রায় ৬২৬ জন চাকরিপ্রার্থী ইন্টারভিউতে অংশ নিচ্ছেন। দেশের বেকারত্ব পরিস্থিতির এক বাস্তব চিত্র ফুটে উঠেছে উখিয়ার এই নিয়োগ কেন্দ্রে। সকাল থেকেই চলমান প্রবল বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে শত শত তরুণ-তরুণী পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে উপস্থিত হন।

ইন্টারভিউ দিয়ে বের হওয়া কয়েকজন পরীক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, পরীক্ষা নিয়ে তারা বেশ আশাবাদী এবং আত্মবিশ্বাসী। ভাইভা বোর্ডে পরীক্ষার্থীদের বুদ্ধিমত্তা ও কর্মদক্ষতা যাচাইয়ে নানা ধরনের বাস্তবমুখী প্রশ্ন করা হচ্ছে। যেমন—কোনো প্রভাবশালী ব্যক্তি যদি ফ্যামিলি কার্ড পাওয়ার অযোগ্য কাউকে কার্ড দেওয়ার জন্য জোর-জবরদস্তি করেন, তবে মাঠকর্মী হিসেবে তাদের ভূমিকা কী হবে? এছাড়া ম্যাপ বা মানচিত্রের মাধ্যমে প্রার্থীরা নিজ নিজ এলাকা সঠিকভাবে চিনতে ও চিহ্নিত করতে পারছেন কিনা, তাও যাচাই করা হচ্ছে।

তবে ভাইভা বোর্ডে কিছু অসাবধানতার চিত্রও দেখা গেছে। এক পরীক্ষার্থী জানান, তার পরীক্ষা ভালো হলেও তাড়াহুড়ো করে আসার কারণে তিনি মূল শিক্ষাগত সনদপত্র (সার্টিফিকেট) সাথে আনতে ভুলে যান, যা বোর্ড থেকে দেখতে চাওয়া হয়েছিল।

মাঠকর্মী পদে পরীক্ষা দেওয়া একাধিক প্রার্থীর সাথে কথা বলে জানা গেছে, ইন্টারভিউতে তাদের ডিজিটাল দক্ষতার ওপরও জোর দেওয়া হচ্ছে। বিশেষ করে ‘সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন কিনা’—এমন প্রশ্নের উত্তরে প্রার্থীরা জানান যে তারা সফলভাবেই তা দেখাতে পেরেছেন। মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেকেই কানাঘুষো শুনতে পারছি সরকারদলীয় লোকদের অগ্রাধিকার দিতে পারে। কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি এখানকার সংসদ আলহাজ্ব শাজাহান চৌধুরী প্রশাসনকে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন ইন্টারভিউ এর মাধ্যমে যাদের আসবে তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য।

প্রতিবেদন লেখা পর্যন্ত উখিয়া উপজেলায় এই ইন্টারভিউ কার্যক্রম উৎসুক ও উদ্দীপ্ত পরীক্ষার্থীদের অংশগ্রহণে চলমান রয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা অধিক হওয়ায় এই নিয়োগ প্রক্রিয়া শেষ হতে হতে বিকেল ৫টা থেকে ৬টা বেজে যেতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

মোঃ গিয়াস উদ্দীন, উখিয়া

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!