আল আমীন সরদার
ভেদেরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরন শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
তিনি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানকে শতভাগ রাজনীতিমুক্ত রেখে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শিক্ষার মান নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (২৮ জুলাই) তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চরভয়রা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নবনিযুক্ত সভাপতি এবং বাংলাভিশন টেলিভিশনের নিউজ এডিটর বেনজীর আহমেদ। এ সময় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎকালে সংসদ সদস্য শফিকুর রহমান কিরন বলেন, নড়িয়া-সখিপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক এবং পরিচালনা কমিটিকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “শিক্ষকদের শতভাগ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা রাজনৈতিক প্রভাব বরদাশত করা হবে না। প্রতিষ্ঠান পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের স্বার্থই হবে সর্বোচ্চ অগ্রাধিকার।”
সংসদ সদস্য কিরনের দীর্ঘদিনের অবদানের কথাও এ সময় তুলে ধরা হয়। জানা যায়, ১৯৯৫ সালে চরভয়রা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার কেন্দ্র স্থাপনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া তাঁর ব্যক্তিগত অর্থায়নে বিদ্যালয়ে ‘কিরন ভবন’ নামে একটি একাডেমিক ভবন নির্মিত হয়, যা বর্তমানে শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নেও তিনি ধারাবাহিকভাবে সহযোগিতা করে আসছেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে বেনজীর আহমেদ বলেন, “চরভয়রা উচ্চ বিদ্যালয় আমার প্রাণের প্রতিষ্ঠান। আমাকে পুনরায় এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ায় সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরন সাহেবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাঁর নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়কে শতভাগ রাজনীতিমুক্ত রেখে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।”
এ সময় বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে মূল ফটক, শহীদ মিনার নির্মাণ এবং ‘কিরন ভবন’ সম্প্রসারণের জন্য সংসদ সদস্য শফিকুর রহমান কিরন বেনজীর আহমেদের হাতে একটি ডিও (ডেমি-অফিসিয়াল) লেটার তুলে দেন।
সৌজন্য সাক্ষাৎকালে হাজী শরীয়তুল্লাহ ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম সরদার উপস্থিত ছিলেন।