টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ফ্যামিলি কার্ডের খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহ কার্যক্রমে বিভিন্ন পদে জনবল নিয়োগে ব্যাপক সাড়া মিলেছে। মাত্র ৯৮টি পদের বিপরীতে আবেদন করেছেন ১ হাজার ৪২ জন প্রার্থী। ফলে প্রতিটি পদের জন্য গড়ে ১০ জনেরও বেশি আবেদনকারী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ডের খানা তথ্যভান্ডার হালনাগাদ এবং তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে মোট ১ হাজার ৪২ জন প্রার্থী আবেদন জমা দেন, যা নিয়োগ কার্যক্রমে ব্যাপক আগ্রহের প্রতিফলন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র ও নির্ধারিত শর্ত যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে ৯৮ জনকে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, শতভাগ সরকারি নীতিমালা ও নির্দেশনা অনুসরণ করে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এই কার্যক্রমের মাধ্যমে উপজেলার প্রতিটি পরিবারের সঠিক তথ্য সংগ্রহ করে একটি নির্ভুল তথ্যভান্ডার তৈরি করা হবে, যা ভবিষ্যতে বিভিন্ন সরকারি সেবা প্রদান এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা প্রশাসনের এ নিয়োগ কার্যক্রমে বিপুল সংখ্যক আবেদন জমা পড়ায় চাকরিপ্রত্যাশীদের আগ্রহ ও প্রতিযোগিতার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। এখন যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের অপেক্ষায় রয়েছেন আবেদনকারীরা।
রিমল তালুকদার