অভিজিত শীল, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ১০ লিটার চোলাই মদ ও মদ তৈরির ১০০ লিটার ওয়াশসহ সনাতন মুর্মুর ছেলে পরেশ মুর্মু (৩৬)-কে আটক করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকাল ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত উপজেলার পীরপুর (জামডাঙ্গা) এলাকায় এক পৃথক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পীরপুর এলাকায় অভিযান পরিচালনা করে পরেশ মুর্মুকে হাতেনাতে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১০ লিটার তৈরি চোলাই মদ এবং মদ তৈরির প্রক্রিয়ায় ব্যবহৃত ১০০ লিটার ওয়াশ জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ বাদী হয়ে নাচোল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, জেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের বিশেষ ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
অভিজিত শীল