মোঃ আশরাফ উজ্জ্বল কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে অভিযান চালিয়ে ৬৫টি কচ্ছপ জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। পরে বন বিভাগের তত্ত্বাবধানে বিজিবির উপস্থিতিতে কচ্ছপগুলো তাদের প্রাকৃতিক আবাসস্থল সালদানদীতে অবমুক্ত করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা উপজেলার সালদানদী বিওপির টহল দল দায়িত্বপূর্ণ শহীদ মিনার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব কচ্ছপ জব্দ করে। জব্দকৃত কচ্ছপের মধ্যে ৪টি বড় পেপসেল টারটেল এবং ৬১টি ছোট সন্দি কাসিম প্রজাতির কচ্ছপ রয়েছে।
বিজিবি জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কচ্ছপগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে দেশের প্রচলিত আইন ও বন্যপ্রাণী সংরক্ষণ বিধিমালা অনুসরণ করে বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধানে কচ্ছপগুলো সালদানদীতে অবমুক্ত করা হয়।
অবমুক্তকরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সালদানদী কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. মাসুদ, কুমিল্লা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজেহার ইসলাম চৌধুরী, ব্রাহ্মণপাড়া উপজেলা বন কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম (এএসসি) বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বনজ ও বন্যপ্রাণীসহ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণেও বিজিবি অঙ্গীকারাবদ্ধ। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় চোরাচালান ও বন্যপ্রাণী পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বন্যপ্রাণী পাচার রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে।
উপজেলা প্রতিনিধি