রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

সাভারে মাদক কারবারের অভিযোগে নারী আটক

সাভারে মাদক কারবারের অভিযোগে নারী আটক
Google পছন্দে যোগ করুন

সাভারে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (২৭ নভেম্বর ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকার বেদেপল্লীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নারীর নাম মোসাঃ কুলসুম (৫৫)। তিনি বক্তারপুর বেদেপল্লী এলাকার বাসিন্দা। তার পিতা মৃত ব্রিটিশ ফজলুর রহমান এবং স্বামী মৃত মজিদুর রহমান।

ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযান কার্যক্রমের অংশ হিসেবে পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের একটি দল সাভারের বক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই (নিঃ) মোহাম্মদ আঃ মুত্তালীবসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স। অভিযান চলাকালে বক্তারপুর বেদেপল্লী এলাকায় সন্দেহভাজন ওই নারীকে আটক করে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মোট ওজন ৪ গ্রাম। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা। প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃত নারীকে পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে শনাক্ত করার কথা জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় তদন্তের মাধ্যমে মাদক সংশ্লিষ্টতার অন্যান্য বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ঢাকা জেলা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। জেলার বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা, সরবরাহ ও মাদকসংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে। মাদক নির্মূল, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মাদকবিরোধী অভিযান জোরদারের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে।

Link Copied