রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

চরভদ্রাসনে পাউবোর বাঁধের পাশে অনুমতি ছাড়াই বালু খালাস, ঝুঁকিতে সংরক্ষণ বাঁধ

চরভদ্রাসনে পাউবোর বাঁধের পাশে অনুমতি ছাড়াই বালু খালাস, ঝুঁকিতে সংরক্ষণ বাঁধ
Google পছন্দে যোগ করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ বাজারসংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সংরক্ষণ বাঁধের পাশে বিনা অনুমতিতে বালু খালাস ও মাটি সরানোর অভিযোগ উঠেছে। পদ্মা নদীতে নোঙর করা বালুবাহী বাল্কহেড থেকে বালু খালাস করে তীরে স্তূপ করা হচ্ছে। এতে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত শহর রক্ষা বাঁধের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে চর হাজীগঞ্জ বাজারসংলগ্ন পদ্মার তীরে বালুবাহী বাল্কহেড থেকে বালু খালাস এবং তীরবর্তী এলাকায় মাটি সরানোর তৎপরতা চলছে। সেখানে বালু মজুত করে কেনাবেচার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে এ কার্যক্রমের সঙ্গে কারা জড়িত এবং বালু খালাস, পরিবহন ও মজুতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এলাকাবাসীর উদ্বেগের মূল কারণ শহর রক্ষা বাঁধের নিরাপত্তা। পদ্মার ভাঙন থেকে চর হাজীগঞ্জ বাজার ও আশপাশের জনবসতি রক্ষায় বিপুল অর্থ ব্যয়ে নির্মিত হয়েছে বাঁধটি। স্থানীয়দের আশঙ্কা, বাঁধের কাছাকাছি এলাকায় অপরিকল্পিতভাবে মাটি সরানো ও বালু খালাস চলতে থাকলে বাঁধের পাদদেশ দুর্বল হয়ে পড়তে পারে। এতে নদীর স্রোতে বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বাজার ও আশপাশের বসতি ভাঙনের ঝুঁকিতে পড়তে পারে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, গুরুত্বপূর্ণ এই বাঁধের পাশে প্রকাশ্যে বালু খালাস ও মাটি সরানোর কার্যক্রম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান তদারকি নেই। সময়মতো ব্যবস্থা নেওয়া না হলে সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ স্থাপনাটি হুমকির মুখে পড়তে পারে।

হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী শাহাদাত হোসেন বেপারী বলেন, জায়গাটি ব্যক্তি মালিকানাধীন এবং বিভিন্ন বাজারের দোকানদারদের জায়গা। সেখানে বাল্কহেড দিয়ে বালু লোডিং করা হচ্ছে। এ কার্যক্রমে পানি উন্নয়ন বোর্ডের অনুমতি রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি দাবি করেন, সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বিষয়টি পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনকে জানিয়েছেন। তবে এ বিষয়ে প্রশাসনকে অবহিত করার কোনো লিখিত কপি বা প্রমাণ তিনি দেখাতে পারেননি।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আলতা হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে কেউ অবহিত করেনি। বাঁধ থেকে ৩০০ মিটারের মধ্যে কোনো ধরনের লোডিং করা যাবে না। এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন এর সাথে মুঠোফোনে একাধিকবার ফোন করা হয়, কিন্তু ফোন না তোলায় তার বক্তব্য দেওয়া সম্ভব হলো না।

স্থানীয় বাসিন্দারা অবিলম্বে ঘটনাস্থল পরিদর্শন, বালু খালাস ও মজুতের বৈধতা যাচাই এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে শহর রক্ষা বাঁধের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, উপজেলা ভূমি অফিস ও পানি উন্নয়ন বোর্ডের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

Link Copied