ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে গাছ কেটে সড়কে ফেলে রেখে গেছে দুই-তিনজন দুর্বৃত্ত। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার বোয়ালিয়া বাসস্ট্যান্ডের প্রায় ২০০ গজ পূর্বে পাইকান্দি নতুন রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। তবে দ্রুত গাছটি সরিয়ে ফেলায় মহাসড়কে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
প্রত্যক্ষদর্শী এক ট্রাকচালক নাইন জানান, তিনি দুই-তিনজন যুবককে একটি ব্যাগ থেকে ইলেকট্রিক করাত বের করে গাছ কাটতে দেখেছেন। গাছটি কেটে ফেলার পর ওই যুবকেরা দ্রুত মোটরসাইকেলে করে পূর্ব দিকে চলে যান।
খবর পেয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায়, করিমপুর হাইওয়ে পুলিশের এএসআই টিটুর নেতৃত্বে মোবাইল টিম এবং মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে মধুখালী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত গাছটি সরিয়ে ফেলেন। এতে সড়কে যান চলাচল স্বাভাবিক থাকে।
এ বিষয়ে মধুখালী থানার ওসি সুকদেব রায় বলেন, ঘটনাটি প্রাথমিকভাবে ডাকাতির প্রস্তুতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে এমন ঘটনা ঘটানো হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। আগামী ২৯ ও ৩০ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি রয়েছে।
করিমপুর হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর মো. আব্দুস সালাম বলেন, ঘটনাটি ডাকাতির প্রস্তুতি কিংবা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে ঘটানো হয়ে থাকতে পারে। আগামী ২৯ ও ৩০ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে সামনে রেখে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।









