বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার, নবজাতকের মৃত্যু: গ্রেপ্তার হাসপাতাল মালিক

আব্দুল্লাহ আল মাহীদ
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২৯ pm
৫৬
চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার, নবজাতকের মৃত্যু: গ্রেপ্তার হাসপাতাল মালিক
নবজাতকের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হাসপাতাল মালিক

নওগাঁর পোরশায় চিকিৎসকের পরিবর্তে অন্য এক ব্যক্তিকে দিয়ে সিজারিয়ান অপারেশন করানো এবং চিকিৎসায় অবহেলার অভিযোগে এক নবজাতকের মৃত্যুর ঘটনায় আল-মদিনা ল্যাব অ্যান্ড হাসপাতালের মালিক মো. আহসান হাবিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জুলাই ২০২৬ বিকেলে প্রসববেদনা নিয়ে খাদিজা খাতুন নামে এক নারীকে নওগাঁর আল-মদিনা ল্যাব অ্যান্ড হাসপাতালে ভর্তি করেন তাঁর স্বামী মো. আমিন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মোছা. শারমিন আক্তার রোগীর শারীরিক অবস্থা পরীক্ষা ও আল্ট্রাসনোগ্রাম প্রতিবেদন পর্যালোচনা করে সিজারিয়ান অপারেশনের পরামর্শ দেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারের অভিযোগ অনুযায়ী, চিকিৎসকের ওপর আস্থা রেখে পরিবারের সদস্যরা অপারেশনে সম্মতি দেন এবং হাসপাতালের নির্ধারিত খরচ পরিশোধ করেন। তবে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট চিকিৎসকের পরিবর্তে অজ্ঞাতপরিচয় অন্য এক ব্যক্তিকে দিয়ে সিজারিয়ান অপারেশন করানো হয় বলে অভিযোগ করেন শিশুটির বাবা।

অভিযোগে আরও বলা হয়, অপারেশনের পর মা ও নবজাতকের শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে নবজাতককে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে নবজাতকটির মৃত্যু হয়।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পোরশা থানা-পুলিশকে নির্দেশ দেন।

পরে প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়ার পর পোরশা থানা-পুলিশের একটি দল সরাইগাছী এলাকা থেকে মামলার এজাহারনামীয় আসামি ও আল-মদিনা ল্যাব অ্যান্ড হাসপাতালের মালিক মো. আহসান হাবিবকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!