বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শিবচরে পদ্মা নদীতে ইলিশ সংরক্ষণ অভিযান: ১০ জেলে আটক, দেড় লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

মোঃ শামীম আহমেদ
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৮ am
৪৩
শিবচরে পদ্মা নদীতে ইলিশ সংরক্ষণ অভিযান: ১০ জেলে আটক, দেড় লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

শিবচর উপজেলা প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ইলিশ শিকারের অভিযোগে ১০ জন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে (১৫ দিন করে) কারাদণ্ড দেওয়া হয়েছে এবং প্রায় দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার ১৩/১০/২০২৬ তারিখ সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়।

জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকারের তত্ত্বাবধানে এবং উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) এইচ এম ইবনে মিজান এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাছির উদ্দিন ও শিবচর উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় শিবচর থানা পুলিশ এবং নৌ পুলিশ ফাঁড়ির (আইসি) একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

অভিযান চলাকালে পদ্মাপারের কাজীরসুরা বাজারে নদীর তীরে গড়ে ওঠা অবৈধ অস্থায়ী দোকানগুলো উচ্ছেদ করা হয় এবং স্থানীয় জনগণকে আইন অমান্য করে মাছ শিকার না করতে সতর্ক করা হয়।

এ সময় কাজীরসুরা বাজারে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধিরা, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে জাতীয় এই অভিযান চলমান থাকবে। সরকারের নির্দেশনা অমান্য করে কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!