সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

পূবাইলে ভাঙারি গোডাউন ও ববিন কারখানায় অগ্নিকাণ্ড, ১০ কিলোমিটার যানজট

মোঃ ফরিদ হোসেন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৭ pm
৬
পূবাইলে ভাঙারি গোডাউন ও ববিন কারখানায় অগ্নিকাণ্ড, ১০ কিলোমিটার যানজট

ফায়ার সার্ভিসের তিন ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, চরম দুর্ভোগে যাত্রী ও চালকরা

মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর পূবাইলে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত একটি প্লাস্টিকের ভাঙারি গোডাউন ও ববিন তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

রবিবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর ৪০ নম্বর ওয়ার্ডের মাজুখান এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পূবাইল থানা পুলিশও দায়িত্ব পালন করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশের প্লাস্টিকের ভাঙারি গোডাউন ও ববিন তৈরির কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। নিরাপত্তার স্বার্থে সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ফলে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসে এবং নির্বাপণের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তিনি বলেন, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ নির্বাপণের কাজ চলমান রয়েছে।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পূবাইল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং পুলিশ তাদের সর্বাত্মক সহযোগিতা করছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে যান চলাচলও স্বাভাবিক হয়ে যাবে।

এদিকে অগ্নিকাণ্ডের কারণে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় সড়কে আটকে থেকে দুর্ভোগ পোহাতে হয়েছে বিভিন্ন গন্তব্যের যাত্রী, পরিবহন শ্রমিক ও চালকদের। আগুন নিয়ন্ত্রণে আসার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!