নরসিংদী মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজীব মিয়া, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, মনোহরদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বদরুল ইসলাম মোল্লা (বাবুল), উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা এবং মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।
সভায় বক্তারা বলেন, সমাজ ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি, আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম আরও জোরদার করা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, প্রশাসনের আন্তরিক প্রচেষ্টায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এই ইতিবাচক ধারা অব্যাহত রাখতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় সর্বসম্মতিক্রমে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত, নিরাপদ, শান্তিপূর্ণ এবং জনবান্ধব মনোহরদী গড়ে তুলতে প্রশাসন ও সর্বস্তরের জনগণের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
মোঃএমরুল ইসলাম