পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন—এমন গুঞ্জনের মধ্যে ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার। ওইদিন দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
এর আগে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মহলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন ওঠে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনাকে ‘গুঞ্জন’ বলেই মন্তব্য করেছেন। সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতি স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে পদত্যাগ করতে চাইলে সংবিধানে সে সুযোগ রয়েছে। তবে এ বিষয়ে সরকার কিছু জানে না এবং সরকারের পক্ষ থেকেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন তো গুঞ্জনই। সেটি যদি ঘটনা হয়, তখন আমরাও দেখব। তবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।
উল্লেখ্য, গত রোববার (১৯ জুলাই) চিকিৎসা নেয়ার উদ্দেশে ব্যাংকক সফরে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পূর্বপরিকল্পনা অনুযায়ী আগামী রোববার (২৬ জুলাই) তার দেশে ফেরার কথা ছিল। তবে সরকারের উচ্চপর্যায়ের বিশেষ জরুরি বার্তায় সফর সময়সূচি এগিয়ে এনে শুক্রবারই তাকে দেশে ফেরার অনুরোধ জানানো হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
নিজস্ব প্রতিনিধি