বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ভোগডাঙ্গায় পঞ্চমবারের লক্ষ্যে নির্বাচনী মাঠে চারবারের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান

ভোগডাঙ্গায় পঞ্চমবারের লক্ষ্যে নির্বাচনী মাঠে চারবারের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান
Google পছন্দে যোগ করুন

কুড়িগ্রাম সদর উপজেলার ৩নং ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে আবারও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন চারবারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান। দীর্ঘ প্রায় ২৩ বছর ধরে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করা এই জনপ্রতিনিধির নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণাকে ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। প্রকাশিত নির্বাচনী পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হওয়ার কথা রয়েছে। এরই ধারাবাহিকতায় ভোগডাঙ্গা ইউনিয়নেও নির্বাচনী আলোচনা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলহাজ্ব সাইদুর রহমান ২০০৩ থেকে ২০১১ সাল, ২০১১ থেকে ২০১৬ সাল, ২০১৬ থেকে ২০২২ সাল এবং সর্বশেষ ২০২২ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ এই সময়ে ইউনিয়নের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সেবায় তাঁর ভূমিকার কথা তুলে ধরছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।

ভোগডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে সাইদুর রহমান ইউনিয়নের মানুষের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁর সময়ে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। সাধারণ মানুষও বিভিন্ন প্রয়োজনে তাঁর কাছে সহযোগিতা পেয়েছেন।

আরেক বাসিন্দা আবুল কাশেম বলেন, প্রায় দুই যুগ ধরে সাইদুর রহমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর হাত ধরে ইউনিয়নের অনেক মানুষের উপকার হয়েছে। তাঁর সময়ে রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা ও বিভিন্ন নাগরিক সেবার ক্ষেত্রে ইউনিয়নে উন্নয়ন হয়েছে। সাধারণ মানুষের বিপদে আপদে তাঁকে পাশে পাওয়া যায়। তিনি বলেন, দলমত নির্বিশেষে এলাকার মানুষের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে। অভিজ্ঞতা ও দীর্ঘদিনের জনসম্পৃক্ততার কারণে আসন্ন নির্বাচনেও তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান এলাকার অনেক মানুষ।

আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে আলহাজ্ব সাইদুর রহমান বলেন, ইউনিয়নের জনগণের রায়কে তিনি সবসময় শ্রদ্ধা ও সম্মান করেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। ভোগডাঙ্গা ইউনিয়নের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি সবার ভালোবাসা ও দোয়া কামনা করেন।

তবে দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিজ্ঞতার পাশাপাশি আসন্ন নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী কারা হচ্ছেন, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। নির্বাচন ঘনিয়ে এলে ইউনিয়নটির রাজনৈতিক ও নির্বাচনী পরিস্থিতি আরও পরিষ্কার হবে বলে মনে করছেন স্থানীয়রা।

Link Copied