বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

নজরুল বর্ষ উপলক্ষে পঞ্চগড়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে পঞ্চগড়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
Google পছন্দে যোগ করুন

নজরুল বর্ষ উপলক্ষে পঞ্চগড়ে সেমিনার ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিতিশ চন্দ্র বর্মন ​পঞ্চগড় প্রতিনিধি: নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, পঞ্চগড়ের আয়োজনে সেমিনার ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠান চলে। ​অনুষ্ঠানে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জুলকারনাইন স্টিভ। ​সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক (ইংরেজি) এবং নজরুল পাঠাগার, ভাষা ও বিতর্ক ক্লাব পঞ্চগড়ের আহ্বায়ক আজহারুল ইসলাম জুয়েল। বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও নজরুল পাঠাগার, ভাষা ও বিতর্ক ক্লাব আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার জাকির হোসেন, মকবুলার রহমান (এমআর) সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক রেজাউল হক সুমন এবং পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাদেরুল ইসলাম। ​সেমিনারে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও দর্শন তুলে ধরে বলেন, "সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম বিশ্বমানবতা ও সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁর অজস্র গান ও কবিতায় দিকনির্দেশনা দিয়ে গেছেন। বর্তমান বিশ্বের চলমান দ্বন্দ্ব, সংঘাত ও যুদ্ধবিগ্রহ থেকে রক্ষা পেতে হলে সাম্যের কবি নজরুলের চিন্তা ও চেতনাকে ধারণ করতে হবে এবং নতুন প্রজন্মকে নজরুল সম্পর্কে আরও বেশি জানতে হবে।"​আলোচনা পর্ব শেষে ‘বিদ্রোহী নজরুলের চেয়ে সাম্য ও মানবতার নজরুল অনেক বেশি গ্রহণযোগ্য’ শীর্ষক এক প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিষয়ের পক্ষে অংশ নেয় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এবং বিপক্ষ দল হিসেবে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মকবুলার রহমান (এমআর) সরকারি কলেজের শিক্ষার্থীরা। ​অনুষ্ঠানে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীসহ অভিভাবক, শিক্ষক ও স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Link Copied