স্বাবলম্বী হওয়ার স্বপ্নে বোদায় হতদরিদ্র পরিবারের মাঝে মা ছাগল বিতরণ
নিতিশ চন্দ্র বর্মন
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে হতদরিদ্র পরিবারগুলোর জীবনমান উন্নয়নে বিনামূল্যে মা ছাগল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফেডারেশন (বিএনএফ)-এর আর্থিক সহায়তায় এবং ঝলই শালশিরী ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এ উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শিকারপুর বাগানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার ১৩টি হতদরিদ্র পরিবারের প্রত্যেককে ২টি করে মোট ২৬টি মা ছাগল বিনামূল্যে তুলে দেওয়া হয়।
ঝলই শালশিরী ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান কোবাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মো. আব্দুল মান্নান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুল্লাহ আসাদ, উপজেলা সমাজসেবা অফিসার মো. আবু তাহের, উপজেলা বিএনপির সমন্বয়ক মো. সাজ্জাদার রহমান জুয়েল, ঝলই শালশিরী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইদ্রিস আলী এবং জেলা ফেডারেশনের প্রধান সমন্বয়ক দবিরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা ও আয়োজকরা আশা প্রকাশ করেন, বিনামূল্যে পাওয়া এই ছাগলগুলো সঠিকভাবে লালন-পালনের মাধ্যমে হতদরিদ্র পরিবারগুলো আর্থিকভাবে লাভবান হবে এবং স্বাবলম্বী হয়ে উঠতে পারবে।









