মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (৩৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার তেঘরিয়া বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদারগঞ্জ মডেল থানা-পুলিশ তাকে হাতেনাতে আটক করে।
আটককৃত সাইফুল ইসলাম মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া ফকির পাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশ সদস্য নুরুজ্জামান (নুরূ) এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম তেঘরিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে সাইফুল ইসলামের দেহ তল্লাশি করে ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, আটককৃত সাইফুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে বিচারিক কার্যক্রমের জন্য জামালপুর জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।