কলেজ চত্বরে ফগারের ধোঁয়া, ড্রেনে ব্লিচিং পাউডার আর পথচারীদের হাতে সচেতনতামূলক লিফলেট—ডেঙ্গু প্রতিরোধে এমনই ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে বগুড়ার সারিয়াকান্দি কলেজ ছাত্রদল। পরিচ্ছন্নতা ও মশা নিধনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয় এ কর্মসূচিতে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সারিয়াকান্দি কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। প্রথমে কলেজ চত্বরের বিভিন্ন স্থান পরিদর্শন করে মশার সম্ভাব্য প্রজননস্থল ও পানি জমে থাকার স্থানগুলোতে ফগার মেশিন দিয়ে মশা নিধন করা হয়।
পরে কলেজের ড্রেন ও পানি চলাচলের বিভিন্ন স্থানে ব্লিচিং পাউডার প্রয়োগ করা হয়। একই সঙ্গে কলেজের আশপাশের পথচারীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও সচেতনতামূলক তথ্যসংবলিত লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নেওয়া যথেষ্ট নয়; মশার প্রজননস্থল ধ্বংস ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়েও গুরুত্ব দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই এ বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ ছড়িয়ে দেওয়া প্রয়োজন।
সারিয়াকান্দি কলেজ ছাত্রদলের সভাপতি অন্তর মিয়ার সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক এস এম তহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী রাশেদুল ইসলাম রিয়ান, ছাত্রনেতা রায়হান, শামীমসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়াই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। ডেঙ্গু প্রতিরোধে কলেজ চত্বর ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়ার ওপর গুরুত্ব দেন তারা।