সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শরীয়তপুরে দিনের আলোয় মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

আল আমীন সরদার
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ pm
৪২
শরীয়তপুরে দিনের আলোয় মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

আল আমীন সরদার

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরে দিনের আলোয় মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, কারাবন্দিদের মুক্তি এবং আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে এ মিছিল করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কোটাপাড়া ও বাসস্ট্যান্ড এলাকায় ঝটিকা মিছিলটি অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক মহসিন মাদবর, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান ওরফে ভুলু এবং সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী সড়কে মিছিল করছেন। এ সময় মিছিলকারীদের অনেকের হাতে জাতীয় পতাকা দেখা যায়।

মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘চলছে লড়াই, চলবে’ এবং ‘শেখ হাসিনা লড়বে’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে শোনা যায়।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের একটি ভিডিও পুলিশের নজরে এসেছে।

মিছিলটি কখন এবং কোথায় হয়েছে, তা যাচাই করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিষয়ে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও অনুযায়ী, সাম্প্রতিক সময়ে শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে। এর আগে রাতের আঁধারে মিছিলের অভিযোগ উঠলেও, এবার দিনের আলোয় মহাসড়কে প্রকাশ্যে মিছিলের ভিডিও ছড়িয়ে পড়েছে।

তবে মিছিলের স্থান, সময় এবং এতে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!