সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নে চাকলাদার ডাঙ্গী যুব সমাজের আয়োজনে দুলাল মাতুব্বার ডাঙ্গী ও মুন্সী গ্রাম—এই দুই দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার ৩ নং ওয়ার্ডের ৯ নং ডিখান ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জমজমাট এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ম্যাচ উপভোগ করতে মাঠের চারপাশে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি দেখা যায়। দর্শক গ্যালারি ছিল পরিপূর্ণ।
খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ-পাল্টা আক্রমণে ৬০ মিনিটের খেলাটি পরিণত হয় টানটান উত্তেজনাপূর্ণ এক লড়াইয়ে। শেষ পর্যন্ত ট্রাই বেকারে মুন্সী গ্রাম দলকে ৩-২ গোলে পরাজিত করে দুলাল মাতুব্বার ডাঙ্গী বিজয়ী হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. শাখাওয়াত হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শফিকুল ইসলাম।
অনন্যদের মাঝে উপস্থিত ছিলেন মো. সিরাজুল ইসলাম হাওলাদার, মো. জাহিদ তফসিলদার, মো. শাজাহান মোল্লা, মোঃ সবুজ চাকলাদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকাবাসী ও দশকরা।
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় আয়োজকরা বলেন, যুবসমাজকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয়রা চাকলাদার ডাঙ্গী যুব সমাজের এমন আয়োজনকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত খেলাধুলার আয়োজন করার আহ্বান জানান।