মিজানুর রহমান, মিরসরাই (চট্টগ্রাম)
যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে শুরু হয়েছে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। তরুণদের মাঠে ফিরিয়ে আনা, ফুটবলের প্রসার ঘটানো এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের প্রত্যয়ে বারইয়ারহাট পৌরসভা ও ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের যৌথ উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে বারইয়ারহাট কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বারইয়ারহাট পৌরসভার সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বারইয়ারহাট পৌরসভার ৭ নং ওয়ার্ড ও ২ নং হিঙ্গুলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ফুটবল একাদশ। নির্ধারিত সময়ের খেলায় কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে জয়লাভ করে হিঙ্গুলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ফুটবল একাদশ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও খারাপ কাজ থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে তরুণ প্রজন্মের সামনে বড় সমস্যাগুলোর একটি হলো মাদক। বিশ্বব্যাপী মাদকের সমস্যা কমবেশি থাকলেও আমাদের দেশে এর প্রকোপ আশঙ্কাজনক। তরুণদের এ ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও ইতিবাচক কাজে ব্যস্ত রাখতেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে। এর মাধ্যমে নতুন খেলোয়াড় তৈরি হওয়ার পাশাপাশি যুবসমাজের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, ছাগলনাইয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, সদস্যসচিব জসীম উদ্দিন কমিশনার, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব মেজবাউল হক মানিক, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন, জসীম উদ্দিন ভেন্ডার ও কামরান সরোয়ার্দি।
এ ছাড়া উপস্থিত ছিলেন হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, সদস্যসচিব রফিকুল ইসলাম ভূঁইয়া, বিএনপি নেতা হাসানুজ্জামান সানি ও শফিকুল ইসলাম শিমুল, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু, বারইয়ারহাট পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন, সদস্যসচিব মোহন দে, মিরসরাই উপজেলা ছাত্রদল ক্রীড়া কমিটির আহ্বায়ক তরিকুল ইসলাম বাবু এবং বারইয়ারহাট কলেজ ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম বাদশাসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দ।
আয়োজকদের তথ্য অনুযায়ী, উদ্বোধনী ম্যাচ উপভোগ করেন প্রায় পাঁচ হাজার দর্শক। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে বারইয়ারহাট কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার ঘটবে, নতুন খেলোয়াড় উঠে আসবে এবং তরুণ প্রজন্ম মাদকমুক্ত সমাজ গঠনে আরও উৎসাহিত হবে।