মোঃ গোলাম কিবরিয়া
খুলনা প্রতিনিধি:
খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নে নৃশংসতার মাত্রা ছাড়িয়ে গেছে। কদিন আগেই নিজ ঘরে ছেলে জয় ঢালীকে জবাই করে হত্যার রেশ কাটতে না কাটতেই এবার তার বাবা আফতাব ঢালীকে (৫৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে আইচগাতী ইউনিয়নের জবা প্রেস মোড়/আইচগাতী সংযোগ সড়কে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, আফতাব ঢালী মোড় থেকে বাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওত পেতে থাকা অস্ত্রধারীরা তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি চালায়। বুক ও পেটে গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
পূর্ববর্তী ঘটনার বিবরণ ও নতুন তথ্য:
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর রাতে একই ইউনিয়নের সেনের বাজার সংলগ্ন নিজ বাসভবনে দুর্বৃত্তদের হাতে নৃসংশভাবে জবাই হয়ে খুন হন আফতাব ঢালীর ছেলে জয় ঢালী। সেই হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছিল এবং পুলিশ কয়েকজন সন্দেহভাজনকে আটকও করেছিল। ছেলে হত্যার পর থেকেই আফতাব ঢালী মূল আসামিদের দ্রুত বিচার ও গ্রেপ্তারের দাবিতে সোচ্চার ছিলেন।
পরিবারের দাবি ও প্রাথমিক ধারণা, ছেলে জয় ঢালী হত্যার ঘটনায় প্রত্যক্ষ সাক্ষী বা প্রধান চাবিকাঠি ছিলেন তার বাবা আফতাব ঢালী। সেই মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়া ব্যাহত করতেই এবং প্রতিপক্ষ/সন্দেহভাজন ঘাতক চক্র পরিকল্পনা করে তাকেও হত্যা করে পথের কাঁটা সরিয়ে দিল কি না—তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।
পরপর বাবা-ছেলের এমন জোড়া হত্যাকাণ্ডে পুরো আইচগাতী ও রূপসা এলাকায় চরম আতঙ্ক, থমথমে পরিস্থিতি ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং রেঞ্জ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, জোড়া খুনের মূল নেপথ্য কারণ উদঘাটন, পূর্বের মামলার সঙ্গে সরাসরি যোগসূত্র নিশ্চিতকরণ এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে অভিযান শুরু করেছে।