প্রতিবেদন: মোঃ সৌরভ হোসেন,
বরিশালের মেহেন্দিগঞ্জের কালাবাদর নদীতে ভোলা থেকে বরিশালগামী সোহাগী-১লঞ্চের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কোস্টার জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লঞ্চটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন লঞ্চে থাকা প্রায় ১৫০ যাত্রী।শুক্রবার (৭ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে কালাবাদর নদীর ‘খাম্বা’ নামক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।লঞ্চে থাকা এক যাত্রীর ভাষ্য অনুযায়ী, ভোলা থেকে শ্রীপুর হয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল সোহাগী-১। পথে কালাবাদর নদীর খাম্বা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কোস্টার জাহাজের সঙ্গে লঞ্চটির ধাক্কা লাগে। এতে লঞ্চের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।সংঘর্ষের মুহূর্তে লঞ্চে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এ সময় আতঙ্কিত হয়ে এক যাত্রী নদীতে ঝাঁপ দেন। পরে লঞ্চটি ঘুরিয়ে ওই যাত্রীকে উদ্ধার করা হয়।যাত্রীরা জানান, সংঘর্ষের সময় কোস্টার জাহাজটির নাবিক দ্রুত সেটি সরিয়ে নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে ঘটনার পর লঞ্চের যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ও উৎকণ্ঠা দেখা দেয়।পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যাত্রীরা স্বস্তি ফিরে পান। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।