আটোয়ারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৬ পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৯ নভেম্বর ২০২৬) আটোয়ারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিরুপমা রায়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবির, উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাক আহমেদ এবং ওসি (তদন্ত) ফারুকী আলম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মোঃ পশিম উদ্দিনসহ মুক্তিযোদ্ধা কমান্ডের অন্যান্য নেতৃবৃন্দ। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমকর্মীগণও অংশগ্রহণ করেন। আলোচনা সভায় আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।









