রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ে দিনব্যাপী চা চাষী সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে দিনব্যাপী চা চাষী সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত
Google পছন্দে যোগ করুন

পঞ্চগড়ে দিনব্যাপী চা চাষী সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

নিতিশ চন্দ্র বর্মন

​পঞ্চগড় প্রতিনিধি: ​‘চা শিল্পের ভবিষ্যৎ গড়ে তুলবো একসাথে’—এই শ্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে দিনব্যাপী চা চাষী সম্মেলন ও চা চাষী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে জেলা চা বাগান মালিক সমিতির আয়োজনে শহরের সরকারি অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। ​অনুষ্ঠানের শুরুতে সকালের দিকে সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে জেলার ছয় শতাধিক চা চাষী অংশ নেন। পরে অডিটোরিয়াম চত্বরে বেলুন উড়িয়ে দিনব্যাপী এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। ​উদ্বোধনের পর সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা চা বাগান মালিক সমিতির সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, সমিতির উপদেষ্টা আনিসুজ্জামান প্রামাণিক নূতন, সাধারণ সম্পাদক মানিক খানসহ অন্যান্য অতিথি ও চা চাষীরা। ​আলোচনা সভায় বক্তারা চায়ের গুণগত মান বজায় রাখা, উৎপাদন বৃদ্ধি এবং চাষীদের ন্যায্যমূল্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন​চায়ের গুণগত মান অক্ষুণ্ণ রাখতে সময়মতো সার প্রয়োগ করতে হবে এবং জৈব বালাইনাশকের ব্যবহার বাড়াতে হবে। ​অতিরিক্ত কীটনাশক পরিহার করে অর্গানিক পদ্ধতিতে চা উৎপাদনে মনোযোগী হতে হবে।

​গুণগত মান ঠিক রাখতে হাতে চা পাতা তোলার পাশাপাশি যান্ত্রিক পদ্ধতিতে (মেশিনের মাধ্যমে) পাতা তোলার ওপর জোর দেওয়া হচ্ছে এ লক্ষ্যে চাষীদের ঋণ ও অনুদানের আওতায় মেশিন দেওয়া হচ্ছে।

​চায়ের ন্যায্য দাম নিশ্চিত করতে চাষীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হচ্ছে এবং চা পাতা নিয়ে সম্ভাব্য সিন্ডিকেট রুখতে প্রশাসনের সমন্বয়ে চাষীরা সতর্ক রয়েছেন। ​চা চাষীদের রাসায়নিক সার সংকট দ্রুত সমাধান করা প্রয়োজন; অন্যথায় চা উৎপাদনে বিরূপ প্রভাব পড়তে পারে।

​দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে বিকেলে চা চাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

Link Copied