ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের ছয় নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। এ সময় মিছিলের কাজে ব্যবহারের জন্য প্রস্তুত করা ১৫টি মশাল, একটি বাস, ব্যানার ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।
সাভারে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে মশাল মিছিলের প্রস্তুতি ও অংশগ্রহণের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। এ সময় মিছিলের কাজে ব্যবহারের জন্য রাখা একটি বাসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২৭ নভেম্বর ) রাত ৯টা ৪০ মিনিটে সাভার মডেল থানাধীন ফুলবাড়িয়া এলাকার ডেলিগেট গার্মেন্টসের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোহাম্মদ আব্দুল মুত্তালীবসহ গোয়েন্দা পুলিশের সদস্যরা অংশ নেন। অভিযানে সাভার মডেল থানা পুলিশের সদস্যরাও সহযোগিতা করেন।
পুলিশ জানায়, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে মশাল মিছিলের প্রস্তুতি ও অংশগ্রহণের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের ছয় সক্রিয় নেতাকর্মীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। তাদের সঙ্গে মিছিলের কাজে ব্যবহারের জন্য প্রস্তুত বিভিন্ন সরঞ্জাম এবং একটি বাস জব্দ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—মোঃ রুবেল (৩৫), সুজন কুমার রায় (২৭), মোঃ আব্দুল হামিদ (১৯), মোঃ বাপ্পি হোসেন সাঈদ (২০), মোঃ ইউসুফ (২০) ও মোঃ রাকিবুল ইসলাম (২৩)। তাদের প্রত্যেকের স্থায়ী ঠিকানা দেশের বিভিন্ন জেলার হলেও তারা বর্তমানে সাভার এলাকার বিভিন্ন স্থানে বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
অভিযানে উদ্ধার ও জব্দ করা আলামতের মধ্যে রয়েছে একটি লাল-সিলভার রঙের বড় হানিফ বাস, বাঁশের লাঠির আগায় পাটের বস্তার চট ও জিআই তার দিয়ে বাঁধা কেরোসিন মিশ্রিত ১৫টি মশাল, একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে রাখা হাতুড়ি, করাত ও প্রায় ৭০০ গ্রাম জিআই তার এবং ১২ ফুট লম্বা ও ৩ ফুট চওড়া একটি ব্যানার।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ব্যানারটিতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে মশাল মিছিলের কথা উল্লেখ ছিল। পাশাপাশি আবির মাসুম, সাভার থানা স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন লেখা ছিল।
গ্রেফতার ছয়জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৭, ৮, ৯, ১০ ও ১২ ধারায় অভিযোগ আনা হয়েছে। তাদের গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে ঢাকা জেলা পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় উদ্ধারকৃত আলামত জব্দ করে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।









