দেশে বর্তমানে প্রায় সাড়ে চার কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেন, দেশের মানুষের জীবনমান উন্নয়ন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দারিদ্র্য দূরীকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি। নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও দেশের মানুষ কখনো অন্যায়ের কাছে মাথানত করেনি।
শুক্রবার বিকেলে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মিলিত গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে নতুন মজুরি ঘোষণার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মজুরি বোর্ডের সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
সমাবেশে শিমুল বিশ্বাস বলেন, দেশের শ্রমজীবী মানুষ দীর্ঘদিন ধরে নানা অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে লড়াই করে আসছেন। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব রয়েছে। শ্রমিকদের শ্রম ও অবদানের যথাযথ মূল্যায়ন করা হলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।
তিনি বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণ, ক্ষুধা ও দারিদ্র্য থেকে মুক্তি এবং সম্মানজনক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সময় আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে। কিন্তু শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম থেমে থাকেনি।
শিমুল বিশ্বাস আরও বলেন, মজুরি ও শ্রমিকদের অধিকার নিয়ে যেন বারবার আন্দোলনে নামতে না হয়, সে ধরনের একটি ন্যায়ভিত্তিক ও মানবিক কর্মপরিবেশ গড়ে তোলা প্রয়োজন। শ্রমিকদের জীবনমান উন্নত হলে পরিবার, সমাজ ও দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। দেশের মানুষ নানা সংকটের মধ্যেও নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থেকেছে এবং কোনো শক্তিই তাদের দমিয়ে রাখতে পারেনি।
গার্মেন্টস শিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি উল্লেখ করে তিনি শ্রমিকদের অবদানকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান। শ্রমিকদের কল্যাণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা, ন্যায্য মজুরি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা গেলে শিল্প খাতের উৎপাদনশীলতা ও স্থিতিশীলতা আরও বৃদ্ধি পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। অনুষ্ঠানে বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খানসহ শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শ্রমিক প্রতিনিধি ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা নতুন মজুরি ঘোষণাকে শ্রমিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করা, কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ সৃষ্টি এবং শ্রমিক-মালিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে আন্তরিকভাবে কাজ করার আহ্বানের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শেষ হয়।









