শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় শিক্ষার আলো ছাত্রকল্যাণ সংগঠনের আয়োজনে ১০ম বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) আব্বাস আলী উচ্চ বিদ্যালয় ও ৮৭ নম্বর আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ভেদরগঞ্জ উপজেলার প্রায় ৭০টি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রায় ১ হাজার ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় উৎসাহ প্রদান এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রতিবছর এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে সংগঠনটি।
পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন শিক্ষার আলো ছাত্রকল্যাণ সংগঠনের সভাপতি জা
কির হোসেন, সাধারণ সম্পাদক তাহের আলী, সাংগঠনিক সম্পাদক ফাহাদ আহমেদ সোহাগ, প্রতিষ্ঠাতা ফয়সাল মাহমুদ, উপদেষ্টা শাহিন আসামি এবং সংগঠনের সাবেক সভাপতি জামাল খান।
এ ছাড়া উপস্থিত ছিলেন উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন আসামি, আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার আহমেদ, সখিপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন সরকার, আফজাল বালা, জিয়াউর রহমান টিপু মাঝিসহ সংগঠনের সদস্যরা।
শিক্ষার আলো ছাত্রকল্যাণ সংগঠনের সভাপতি জাকির হোসেন বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতায় এ আয়োজন সফল হয়েছে। তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক তাহের আলী বলেন, ১০ম বৃত্তি পরীক্ষায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করায় সকল অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি আমরা কৃতজ্ঞ। শিক্ষার আলো ছাত্রকল্যাণ সংগঠন শুধু বৃত্তি পরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয় শিক্ষামূলক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। ঈদসহ বিভিন্ন সময়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমরা।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পাশে থেকে তাদের শিক্ষাজীবনে অনুপ্রেরণা জোগানো এবং সমাজের কল্যাণে কাজ করাই সংগঠনের মূল লক্ষ্য।
উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন আসামি বলেন, আমাদের এ প্রত্যন্ত অঞ্চলে এত বিপুলসংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও অতিথির উপস্থিতি দেখে আমি অত্যন্ত আনন্দিত। শিক্ষার আলো ছাত্রকল্যাণ সংগঠনের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করবে এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ফয়সাল মাহমুদ বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষিত, সৎ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হলে ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের চর্চা করতে হবে। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাও জরুরি। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং বাবা-মা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানাই।
তিনি আরও বলেন, শিক্ষার আলো ছাত্রকল্যাণ সংগঠনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়তা করা এবং সমাজের কল্যাণে কাজ করা। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে এ ধরনের শিক্ষামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সংগঠনের উপদেষ্টা শাহিন আসামি বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই তাদের পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও নিষ্ঠার পরিচয় দিতে হবে। শিক্ষার্থীদের মনে রাখতে হবে, জীবনে সফল হতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। ব্যর্থতাকে ভয় না পেয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, অভিভাবক ও শিক্ষকদের নির্দেশনা মেনে চলতে হবে এবং নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। শিক্ষার আলো ছাত্রকল্যাণ সংগঠনের এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার আহমেদ বলেন, শিক্ষার্থীদের মেধা যাচাই ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতের শিক্ষাজীবনে এগিয়ে যেতে সহায়তা করবে।
সখিপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন সরকার বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষার আলো ছাত্রকল্যাণ সংগঠনের উদ্যোগ প্রশংসার দাবিদার। শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি এলাকার শিক্ষার্থীদের জন্য ইতিবাচক ভূমিকা রাখছে। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে এলাকার শিক্ষাক্ষেত্রে আরও অগ্রগতি হবে।
সংগঠনের সাবেক সভাপতি জামাল খান বলেন, শিক্ষার আলো ছাত্রকল্যাণ সংগঠন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ১০ম বৃত্তি পরীক্ষার মতো আয়োজন সংগঠনের ধারাবাহিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি সংগঠনের বর্তমান কমিটি ও সংশ্লিষ্ট সবার সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরাও শিক্ষার আলো ছাত্রকল্যাণ সংগঠনের এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সংগঠনের সদস্যরা দায়িত্ব পালন করেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষা বিস্তার এবং সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে এলাকার মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে শিক্ষার আলো ছাত্রকল্যাণ সংগঠনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।









