রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

সদরপুরে ইলিশ ধরার অবৈধ বাঁধ উচ্ছেদ, ১ লাখ ২০ হাজার টাকার জাল বিনষ্ট

সদরপুরে ইলিশ ধরার অবৈধ বাঁধ উচ্ছেদ, ১ লাখ ২০ হাজার টাকার জাল বিনষ্ট
Google পছন্দে যোগ করুন

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সদরপুরে আজ (২৯ নভেম্বর রবিবার মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে ৪০০ মিটার দীর্ঘ ইলিশ ধরার অবৈধ বাঁধ উচ্ছেদ করেছে উপজেলা মৎস্য বিভাগ। এ সময় বিভিন্ন ধরনের প্রায় ২ হাজার ৬৫০ মিটার অবৈধ জাল ও ৭টি চায়না দুয়ারি জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। বিনষ্ট করা জালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

অভিযানটি উপজেলার চর মানাইর ইউনিয়নের অচলমোল্লাকান্দি এলাকায় পরিচালিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, সদরপুরের আয়োজনে এবং চন্দ্রপাড়া পুলিশ ফাঁড়ির একটি দলের সহযোগিতায় বেলা ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান চলে।

অভিযানে ১ হাজার ২০০ মিটার কারেন্ট জাল, ৭০০ মিটার বেড় জাল, ৭৫০ মিটার গুটি জাল এবং ৭টি চায়না দুয়ারি জব্দ করা হয়। পরে জব্দ করা এসব অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। পাশাপাশি নদীতে ইলিশ ধরার জন্য স্থাপন করা ৪০০ মিটার দীর্ঘ অবৈধ বাঁধ উচ্ছেদ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান জানান, মা ইলিশ সংরক্ষণ এবং নদীতে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Link Copied