নিহতরা হলেন পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই এলাকার সিদ্দিক গাজীর ছেলে মাহাতাফ এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা আলী আকবর। তারা দুজনই লেবুখালী এলাকায় একটি প্রকল্পে দিনমজুর হিসেবে কাজ করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১টার দিকে মোটরসাইকেলে করে লেবুখালীর উদ্দেশে যাচ্ছিলেন মাহাতাফ ও আলী আকবর। পথে বাকেরগঞ্জের বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী পটুয়াখালী ট্রাভেলসের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সরাসরি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করেন। পরে তাদের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।
এদিকে, দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করেছে।









