শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

প্রাথমিক শিক্ষার উন্নয়নে শিক্ষকদের পাশে থাকার আশ্বাস এমপি নুরুল আমিনের

প্রাথমিক শিক্ষার উন্নয়নে শিক্ষকদের পাশে থাকার আশ্বাস এমপি নুরুল আমিনের
Google পছন্দে যোগ করুন

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। তিনি বলেছেন, উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করা জরুরি। এ জন্য শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের মিরসরাই জেলা পরিষদ মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভা শেষে সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান। সভাটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয়গুলোর শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা সমাধানে তিনি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাবেক সদস্যসচিব গাজী নিজাম, উপজেলা প্রাথমিক বদলি কমিটির সদস্য শহিদুল ইসলাম স্বপন ও আবু দাউদ।

সহকারী শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন খিল হিঙ্গুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দোস্ত মোহাম্মদ। প্রধান শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন মিঠানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন ধুম। এ ছাড়া কাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ ফরিদসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দায়িত্ব, বিদ্যালয় পরিচালনা এবং শিক্ষা কার্যক্রমের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে উপজেলার ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন।

Link Copied