বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

উখিয়ায় ৭ বিসিএস ক্যাডার ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

উখিয়ায় ৭ বিসিএস ক্যাডার ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
উপজেলা প্রশাসন ও কৃতি শিক্ষার্থীরা
Google পছন্দে যোগ করুন

কক্সবাজারের উখিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৬ সালের এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী এবং ৪৬তম ও ৪৭তম বিসিএসে উখিয়া উপজেলা থেকে সুপারিশপ্রাপ্ত ৭ জন ক্যাডারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার।

উখিয়া উপজেলা পোস্টমাস্টার জসীমউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসার, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক তৌহিদ, উখিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ নূরী। এ সময় বিসিএস সুপারিশপ্রাপ্ত রহিমুল্লাহর গর্বিত পিতা রবি রহিমুল্লাহসহ অন্যান্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বিসিএস সুপারিশপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, "আপনারা যারা বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, আপনারা এখন থেকে আমার সহকর্মী ও প্রশাসনের কর্মকর্তা।" কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "আপনাদের এই সংবর্ধনা অনুষ্ঠানটি আরও বড় পরিসরে আয়োজনের ইচ্ছা ছিল। মাননীয় সংসদ সদস্য মহোদয়কে প্রধান অতিথি হিসেবে রাখার পরিকল্পনা থাকলেও, বর্তমানে জাতীয় সংসদের অধিবেশন চলমান থাকায় তাকে আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি।" এছাড়াও তিনি অভিভাবকদের সন্তানদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার পরামর্শ দেন।

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী নবনির্বাচিত বিসিএস ক্যাডারদের উদ্দেশ্যে বলেন, "আপনারা ভবিষ্যতে রাষ্ট্রের অনেক বড় অবস্থানে যাবেন। তবে নিজ এলাকা ও এলাকার মানুষদের কথা ভুলে যাবেন না। আপনারা এখন দেশের সম্পদ। রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি নিজ এলাকার উন্নয়নেও মনোযোগ রাখবেন।" এ সময় তিনি কৃতি শিক্ষার্থী ও বিসিএস সুপারিশপ্রাপ্তদের আন্তরিক অভিনন্দন জানান।

উচ্চশিক্ষার্থে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চলে যাওয়ায় অনেক কৃতি শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও তাদের পক্ষে অভিভাবকগণ সংবর্ধনায় অংশ নেন। পাশাপাশি ৪৬তম বিসিএসের শিক্ষা ক্যাডারে কর্মরত এবং ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত বালুখালীর সন্তান নাবিলের পক্ষে তার পিতা গফুর উল্লাহ সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত বিসিএস সুপারিশপ্রাপ্ত কর্মকর্তা এবং জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Link Copied