শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও জ্বালানি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মো. সাঈদ আহমেদ আসলাম, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুর রহমান কিরণ এবং শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক এ কে এম নাসির উদ্দিন কালু।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু বলেন, “ইতিমধ্যে আমি শরীয়তপুরবাসীকে দুটি বড় শিক্ষাপ্রতিষ্ঠানের উপহার দিয়েছি। এর মধ্যে রয়েছে একটি কৃষি বিশ্ববিদ্যালয় এবং অন্যটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ ছাড়া শরীয়তপুরের নাওডোবা থেকে পটুয়াখালী পর্যন্ত রেলপথ নির্মাণের একটি প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে উপস্থাপন করেছি। আশা করছি, খুব শিগগিরই এ বিষয়ে অনুমোদন পাওয়া যাবে।”
তিনি আরও বলেন, “আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। আমার লক্ষ্য অবহেলিত শরীয়তপুরকে একটি আধুনিক ও মডেল শহর হিসেবে গড়ে তোলা। শরীয়তপুরের উন্নয়নকে আরও বহুদূর এগিয়ে নিতে চাই। আমি কথা দিচ্ছি, আমার পরিকল্পনাগুলো বাস্তবায়নের মাধ্যমে শরীয়তপুরবাসীকে একটি উন্নত ও সমৃদ্ধ জেলা উপহার দেব।”
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি মনোযোগ দিয়ে লেখাপড়া করার আহ্বান জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।