মোঃ সৌরভ হোসেন,
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী নয়াখালী মাঠখোলা মাধ্যমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মধ্যে প্রকাশ্যে মারামারি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। শিক্ষকদের এমন আচরণে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
অভিযুক্ত দুই শিক্ষক হলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদের মিয়া এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ হাসান ইমাম।
ঘটনার বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ হাসান ইমাম জানান, রূপালী ব্যাংক থেকে ১০ লাখ টাকা ঋণ নেওয়ার জন্য সুপারিশসহ স্বাক্ষর নিতে তাঁর কাছে যান সহকারী শিক্ষক আব্দুল কাদের মিয়া। তবে তিনি স্বাক্ষর দিতে রাজি না হওয়ায় তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
অন্যদিকে সহকারী শিক্ষক আব্দুল কাদের মিয়ার দাবি, দুই শিক্ষার্থী তানভীর হোসেন ও সাইমন হোসেনের ফরম পূরণসংক্রান্ত বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাঁকে কিল-ঘুষি মারেন এবং হাতের আঙুল কামড়ে ধরেন। এতে তাঁর ডান হাতের আঙুলে আঘাত লাগে বলে জানান তিনি।
এদিকে শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও অসন্তোষ চলে আসছে। এর প্রভাব পড়ছে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশে। তাঁদের মতে, ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল শিক্ষকদের এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়।
অভিভাবকদের প্রশ্ন, যাঁদের কাছ থেকে শিক্ষার্থীরা শৃঙ্খলা, নৈতিকতা ও আদর্শের শিক্ষা গ্রহণ করবে, সেই শিক্ষকরাই যদি প্রকাশ্যে সংঘাতে জড়ান, তাহলে শিক্ষার্থীদের ওপর এর কী প্রভাব পড়বে?
এ বিষয়ে বরিশাল জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ হাসান ইমাম ও সহকারী শিক্ষক আব্দুল কাদের মিয়ার মধ্যে এর আগেও একাধিকবার বিরোধের ঘটনা ঘটেছে। পূর্বের কিছু বিষয় সম্পর্কে তিনি অবগত থাকলেও সাম্প্রতিক মারামারির ঘটনা তাঁর জানা নেই। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
সব মিলিয়ে নয়াখালী মাঠখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। তাঁদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও অভিভাবকরা। এখন তাঁদের একটাই প্রত্যাশা—দ্রুত বিরোধের অবসান ঘটিয়ে বিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হোক।









