দুধকুমার নদের ওপর নতুন সেতুর কাজ প্রায় শেষ, সংযোগ সড়ক না হওয়ায় ঝুঁকিতে স্থলবন্দরের যোগাযোগ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ওপর নির্মিত সেতুর সংযোগ সড়ক ভূমি মালিকানা জটিলতায় দীর্ঘ সাত বছরেও নির্মাণ শুরু হয়নি। প্রায় ৬ একর জমির মালিকানা নিয়ে ব্যক্তি ও রেলওয়ের মধ্যে বিরোধের কারণে আটকে রয়েছে সংযোগ সড়কের কাজ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন। এ সময় দ্রুত ভূমি জটিলতা নিরসন করে সংযোগ সড়ক নির্মাণের দাবি জানান সংসদ সদস্য।
জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগের অধীনে ২০১৯ সালে দুধকুমার নদের ওপর ৬৪৫ দশমিক ০১৫ মিটার দীর্ঘ নতুন সেতুর নির্মাণকাজ শুরু হয়। ১৩৬ কোটি ৩৩ লাখ টাকা চুক্তিমূল্যের সেতু ও সংযোগ সড়কের কাজ ২০২১ সালে শেষ হওয়ার কথা ছিল। তবে ২০২৬ সালেও সেতুটির প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। সেতুর নির্মাণকাজ শেষ পর্যায়ে থাকলেও ভূমি জটিলতার কারণে সংযোগ সড়ক নির্মাণ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
জানা যায়, নির্মাণাধীন সেতুর পূর্ব প্রান্তে প্রায় ৬ একর জমি স্থানীয়রা নিজেদের ব্যক্তিমালিকানাধীন বলে দাবি করছেন। অন্যদিকে বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় দপ্তর ওই জমির মালিকানা রেলওয়ের বলে দাবি করে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে পত্র দিয়েছে। একই জমির মালিকানা ব্যক্তি ও রেলওয়ে উভয় পক্ষ দাবি করায় আটকে গেছে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া। এ নিয়ে আন্তঃমন্ত্রণালয়ে একাধিকবার বৈঠক হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। ফলে সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কাজ সাত বছরেও শুরু করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।
পরিদর্শনকালে সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম জানান, ভূমি অধিগ্রহণের টাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জমা রয়েছে। জমির মালিকানা নিশ্চিত হলে দ্রুত অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে। এ বিষয়ে জেলা প্রশাসক সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দ্রুত সমাধানের অনুরোধ জানিয়ে পত্র দিয়েছেন বলেও তিনি জানান।
সংসদ সদস্য বলেন, “আমি ইতিমধ্যে মাননীয় যোগাযোগমন্ত্রীসহ সংশ্লিষ্ট অনেকের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবগত করেছি। দ্রুত ভূমি জটিলতা নিরসন করে সংযোগ সড়ক নির্মাণের ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
উল্লেখ্য, নতুন সেতুটি চালু না হওয়ায় প্রায় দেড়শ বছরের পুরোনো ও মেয়াদোত্তীর্ণ সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে স্থলবন্দরের পাথরবোঝাই ট্রাক, যাত্রীবাহী যানবাহন ও সাধারণ মানুষ। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।









