ফরিদপুরের সদরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল চলাকালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় ইউসুফ মুন্সী (৪০) নামে এক ব্যাটারিচালিত অটোভ্যানচালককে আটক করে থানায় সোপর্দ করেছেন দলটির নেতাকর্মীরা।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে সদরপুর উপজেলা সদরের সদর বাজারের মাদ্রাসা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ইউসুফ মুন্সী উপজেলার সদর ইউনিয়নের নয়রশি গ্রামের আ. রাজ্জাক মুন্সীর ছেলে। তিনি পেশায় একজন ব্যাটারিচালিত অটোভ্যানচালক।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে সোমবার দুপুরে উপজেলা সদরের কৃষ্ণপুর মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে যুবদল। মিছিলটি মাদ্রাসা মোড় এলাকায় পৌঁছালে সেখানে উপস্থিত ইউসুফ মুন্সী হঠাৎ উচ্চস্বরে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকেন। এ সময় যুবদলের নেতাকর্মীরা তাঁকে আটক করে সদরপুর থানায় নিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
মিছিলের নেতৃত্বদানকারী সদরপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্সী ইসারত জানান, তাঁদের শান্তিপূর্ণ নৈরাজ্যবিরোধী কর্মসূচি চলাকালে ওই ব্যক্তি বারবার স্লোগান দিয়ে উসকানি দেওয়ার চেষ্টা করেন। পরে নেতাকর্মীরা তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যুবদলের নেতাকর্মীরা ইউসুফ নামের এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে এসেছেন। তিনি নিজেকে আওয়ামী লীগের সমর্থক হিসেবে জাহির করার চেষ্টা করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









