বুধবার, ১১ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বহিরাগত শ্রমিকের ঘামে সচল শিবচরের কৃষি: টিকে আছে কৃষকের ফসলি জমির উৎপাদনধারা

মোঃ শামীম আহমেদ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১৯ pm
১
বহিরাগত শ্রমিকের ঘামে সচল শিবচরের কৃষি: টিকে আছে কৃষকের ফসলি জমির উৎপাদনধারা

শিবচর উপজেলা প্রতিনিধি (মাদারীপুর)

স্থানীয় শ্রমিক সংকটে যখন দেশের অনেক অঞ্চলের চাষাবাদ থমকে যাওয়ার উপক্রম, ঠিক তখনই দূর-দূরান্তের খেটে খাওয়া মানুষের হাত ধরে প্রাণ ফিরে পেয়েছে মাদারীপুরের শিবচরের কৃষকের কৃষি। বছরজুড়েই এই উপজেলার মাঠগুলোতে কঠিন শ্রম দিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মৌসুমি কৃষি কাজ করা শ্রমিকরা। তাদের নিরলস পরিশ্রমে একসময়ের অনগ্রসর বা এক ফসলি জমি এখন পরিণত হয়েছে অত্যন্ত উর্বর ও লাভজনক কৃষি ফসলি জমিতে।

এখন চলছে আমন ধান কাটার শেষ মুহূর্ত। খেত থেকে ধান তোলার পাশাপাশি সামনের শীতকালীন ফসলের জন্য জমি তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিক ও কৃষকরা। কেউ পেঁয়াজ ও রসুনের জন্য মাটি প্রস্তুত করছেন, কেউ ব্যস্ত সরিষার খেত তৈরিতে। এই শ্রমিকদের একটি বড় অংশ গত এক দশকেরও বেশি সময় ধরে নিয়মিত এই উপজেলায় আসছেন। দিনচুক্তিতে কাজ করে প্রতিদিন তারা সম্মানী হিসেবে পাচ্ছেন ৮০০ থেকে ১০০০ টাকা।

সম্প্রতি শিবচরের কুতুবপুর এলাকা ঘুরে দেখা যায় মাঠজুড়ে এক উৎসবমুখর কাজের পরিবেশ। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা মূলত একই জমিতে বছরে তিনটি ফসল ফলান। পাট কাটার পর রোপণ করা হয় আমন ধান। পানি শুকিয়ে এলে আমন ধান কেটে সেই জমিতেই রোপণ করা হয় পেঁয়াজ ও রসুন। অনেকে আবার পেঁয়াজের সঙ্গে বাড়তি ফসল হিসেবে সরিষাও বোনেন।

দূর-দূরান্ত থেকে আসা শ্রমিকের গল্প

এই সিজনলি চাষাবাদের কারণেই সারা বছরই নওগাঁ, নেত্রকোনা, কুষ্টিয়া, সুনামগঞ্জ ও সিলেট জেলা থেকে আসা শ্রমিকদের ব্যাপক চাহিদা থাকে। শ্রমিকরা সাধারণত পুরো দিনের জন্য ৮০০ থেকে ১০০০ টাকা এবং অর্ধেক দিনের জন্য ৪০০ থেকে ৫০০ টাকা মজুরি নেন। সাধারণত ৮ থেকে ১০ জন একদল হয়ে স্থানীয়ভাবে একটি ঘর ভাড়া নেন, নিজেরাই রান্না করে খান এবং মৌসুম শেষে জমানো টাকা নিয়ে হাসিমুখে বাড়ি ফেরেন।

সুনামগঞ্জের শ্রমিক মো. আজাদ জানান, চার-পাঁচ বছর আগে ফরিদপুরের শ্রমিক বাজার থেকে কাজ পেয়ে তিনি প্রথম শিবচরে এসেছিলেন। এরপর থেকে প্রতি মৌসুমেই নিয়মিত আসছেন। তিনি বলেন, ‘কুতুবপুর বাজারে প্রতিদিন দুপুরে শ্রমিকের হাট বসে। আমরা সকালে কাজ শেষ করে পরের কাজ ধরতে দুপুরের হাটে আসি।’

নেত্রকোনার মো. মনির মিয়ার অভিজ্ঞতা আরও দীর্ঘ। ২০১২ সাল এখান থেকে আয় করা টাকায় চলে তার চারজনের সংসার, আর নিজের গ্রামের বাড়ির জমির ফসল তুলে রাখেন ভবিষ্যতের জন্য।

নওগাঁর জিয়াবুরের অভিজ্ঞতাও প্রায় একই রকম। প্রায় ১৪ বছর ধরে এখানে কাজ করা জিয়াবুর জানান, ‘শিবচরের অনেক জমির মালিকই প্রবাসী। তাদের জমি আছে কিন্তু কাজ করার লোক নেই। আগে হাটে গিয়ে কাজ খুঁজতাম, আর এখন মৌসুমে জমির মালিকরা নিজেই ফোন দিয়ে ডেকে নেন।’

কুতুবপুরের কৃষক আলতাফ হোসেন তার ১৮ কাঠা জমির ধান কেটে এখন রসুন চাষের জন্য জমি প্রস্তুত করছেন। এবার ধানের ভালো ফলন হলেও বাড়তি মজুরি নিয়ে রয়েছে তার খানিকটা আক্ষেপ। তিনি বলেন, ‘স্থানীয় শ্রমিক মিলছে না বললেই চলে। বাধ্য হয়ে বাইরে থেকে লোক আনতে হচ্ছে। দিন দিন শ্রমিকের দাম বাড়লেও আমাদের উৎপাদিত ফসলের দাম তো সে সেভাবে বাড়ছে না।’

আরেক কৃষক আবুল কাশেমের অভিজ্ঞতা অবশ্য বেশ মধুর। টানা ১২ বছর ধরে একই শ্রমিকরা তার জমিতে কাজ করতে আসায় তাদের সঙ্গে গড়ে উঠেছে এক গভীর আত্মিক ও পারিবারিক সম্পর্ক।

অর্থনৈতিক ও সামাজিক প্রভাব

একটি ফসলের বিদায় আর নতুন ফসলের আগমনের এই সময়ে শিবচরের সবুজ মাঠজুড়ে ঘুরছেন শত শত শ্রমিকের দল। তাদের হাড়ভাঙা খাটুনিতে একদিকে যেমন সচল থাকছে শিবচরের কৃষি অর্থনীতি, অন্যদিকে সচ্ছলতা ফিরছে দূর-দূরান্তের শত শত শ্রমজীবী পরিবারের আয়ের উৎস। শ্রমের এই অভ্যন্তরীণ গতিশীলতা বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে এক অনন্য ও ইতিবাচক উদাহরণ সৃষ্টি করেছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!