সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফেনীতে বদলি, ফেনীর পুলিশ সুপার গোপালগঞ্জে

গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফেনীতে বদলি, ফেনীর পুলিশ সুপার গোপালগঞ্জে
Google পছন্দে যোগ করুন

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। রোববার (১৫ নভেম্বর) উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে একই পদে ফেনীতে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, রোববার গোপালগঞ্জ শহরে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় ভয় ও আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেওয়া হয়।

তবে শহরের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল। পুলিশের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে জানমালের কোনো ক্ষতি হয়নি।

এর আগে, গতকাল শনিবার রাতে টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

Link Copied