মাদারীপুরের শিবচরে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ এবং প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমানোর মাধ্যমে পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডেভেলপমেন্ট এফর্টস ফর সোসাইটি অ্যান্ড হিউম্যানিটি (দেশ)’-এর উদ্যোগে এই মহতী কর্মসূচি বাস্তবায়িত হয়।
শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার বাজিতপুর (শেখপুর) বাজার এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান।
স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ উদ্বোধনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে বিজেনের সরাসরি নেতৃত্বে স্বেচ্ছাসেবীরা কয়েকটি উপদলে বিভক্ত হয়ে পুরো এলাকায় মাঠে নামেন। এ সময় তারা বাজিতপুর হাজেরা খাতুন উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ, শেখপুর বাজারের প্রধান প্রধান সড়ক ও এর আশপাশের জনবহুল এলাকায় সাচ্ছন্দে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিকের বোতল, ওয়ানটাইম গ্লাস, পলিথিন, চিপসের প্যাকেট ও অন্যান্য অপচনশীল বর্জ্য কুড়িয়ে নির্দিষ্ট স্থানে সংরক্ষণ ও অপসারণ করা হয়। খোলা জায়গায় ময়লা-আবর্জনা জমে যাতে মশার লার্ভা বা ক্ষতিকর জীবাণু জন্মাতে না পারে, সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়।
শুধু বর্জ্য অপসারণেই সীমাবদ্ধ ছিল না এই কর্মসূচি; বরং স্থানীয় জন সাধারণের মাঝে দীর্ঘমেয়াদী সচেতনতা তৈরি করতে প্রচার চালানো হয়। বাজারের ব্যবসায়ী, পথচারী, শিক্ষার্থী ও সাধারণ ক্রেতাদের সঙ্গে কথা বলে স্বেচ্ছাসেবীরা প্লাস্টিক ও পলিথিনের মারাত্মক ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন। যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট ডাস্টবিন বা নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার তাগিদ দেওয়া হয়। এছাড়া পরিবেশ পরিচ্ছন্ন রাখার মধ্য দিয়ে নিজেদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়েও নানা দিকনির্দেশনা দেওয়া হয়।
বিশিষ্টজনদের উপস্থিতি কর্মসূচিতে ‘দেশ’ সংগঠনের সভাপতি ওয়াহীদুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম দেলোয়ার হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন—সংগঠনের সিনিয়র সদস্য: মো. মহিউদ্দিন, শহিদুল ইসলাম, মো. সজীব ও শাহিন মোল্লা। কোষাধক্ষ্য: মো. শামীম ও শফিকুল ইসলাম। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ: শেখপুর বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. সেলিম আজাদ, বাজিতপুর হাজেরা খাতুন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, সহকারী শিক্ষক আতাউল গণি ও শাহীন মুন্সী।
এছাড়াও স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
কর্মসূচি শেষে আয়োজক সংগঠনের সভাপতি ওয়াহীদুজ্জামান গণমাধ্যমকে বলেন, “একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা কেবল প্রশাসন বা কোনো একক সংগঠনের দায়িত্ব নয়, এটি আমাদের সবার সম্মিলিত সামাজিক দায়িত্ব। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ এবং প্লাস্টিক-পলিথিনের দূষণ থেকে প্রকৃতিকে রক্ষা করতে জনসচেতনতা বাড়ানোই আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য। আমাদের সংগঠন বিগত অক্টোবর মাসজুড়ে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে। এরই ধারাবাহিকতায় চলতি মাসে বৃক্ষরোপণসহ আরও বেশ কিছু জনকল্যাণমুখী কার্যক্রম হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে। পরিবেশ সুরক্ষা ও মানুষের কল্যাণে আমাদের এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান তাঁর বক্তব্যে বলেন, “সরকার ও স্থানীয় প্রশাসনের বিশেষ নির্দেশনায় প্রতি শনিবার স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সম্পৃক্ত করে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে আজকের এই কার্যক্রম শেখপুর বাজারে সফলভাবে সম্পন্ন হলো। এই মহতী উদ্যোগ বাস্তবায়নে ‘দেশ’ সংগঠন যেভাবে এগিয়ে এসেছে, আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। এ ধরনের জনকল্যাণমূলক কাজে অন্য কোনো সংগঠন বা ব্যক্তি এগিয়ে এলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে। জনস্বার্থে আমাদের এই অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।









