ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল।
এ সময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামসুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক ও সদর ইউনিয়ন জামায়াতের আমির শাহীনুর আলম।
প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের নিরপেক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ভুল হলে কিংবা কোনো যোগ্য পরিবার তালিকা থেকে বাদ পড়লে সরকারের কাঙ্ক্ষিত লক্ষ্য ব্যাহত হতে পারে। তাই প্রতিটি পরিবারের সঠিক তথ্য যাচাই করে দায়িত্বশীলতার সঙ্গে তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
উল্লেখ্য, প্রথম ব্যাচে মোট ৩৫ জন সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। দুই দিনব্যাপী প্রশিক্ষণ শেষে আগামী বৃহস্পতিবার থেকে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে।