শিবচর উপজেলা প্রতিনিধি (মাদারীপুর)
কৃষিই সমৃদ্ধি—এই মূলমন্ত্রকে সামনে রেখে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাদারীপুরের শিবচরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মসুর ও খেসারী বীজ এবং রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর ২০২৬ খ্রিঃ) উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শিবচরের উদ্যোগে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আলিমুজ্জামান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব এইচ. এম. ইবনে মিজান। এছাড়াও উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং এলাকার উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ এবং রবি মৌসুমে ডালজাতীয় ফসল মসুর ও খেসারীর উৎপাদন বাড়ানোর লক্ষ্যে শিবচরের মোট ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এই প্রণোদনার আওতায় আনা হয়েছে। এর মধ্যে মসুর চাষের জন্য ৩৫০ জন যা প্রতিকৃষক মসুর বীজ ৫কেজি , ডিএপি সার ১০কেজি, এমওপি সার ৫কেজি। এবং খেসারী চাষের জন্য ২৫০ জন যা প্রতিকৃষক খেঁসারি বীজ ৮কেজি, ডিএপি সার ১০কেজি, এমওপি সার ৫কেজি, মোট ৬০০ জন কৃষক নির্ধারণ করা হয়।
উপকরণের গাণিতিক হিসাব: মসুরের ৩৫০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি বীজ হিসেবে ১,৭৫০ কেজি, ১০ কেজি ডিএপি হিসেবে ৩,৫০০ কেজি এবং ৫ কেজি এমওপি হিসেবে ১,৭৫০ কেজি দেওয়া হয়েছে। অন্যদিকে খেসারীর ২৫০ জন কৃষককে জনপ্রতি ৮ কেজি বীজ হিসেবে ২,০০০ কেজি, ১০ কেজি ডিএপি হিসেবে ২,৫০০ কেজি এবং ৫ কেজি এমওপি হিসেবে ১,২৫০ কেজি বিতরণ করা হয়েছে। সব মিলিয়ে ৬০০ কৃষকের মাঝে ৩,৭৫০ কেজি বীজ, ৬,০০০ কেজি ডিএপি সার এবং ৩,০০০ কেজি এমওপি সার—অর্থাৎ মোট ১২,৭৫০ কেজি কৃষি উপকরণ সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব এইচ. এম. ইবনে মিজান বলেন, দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং আমদানিনির্ভরতা কমিয়ে স্থানীয়ভাবে ডালজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে কৃষি প্রণোদনা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। তিনি কৃষকদের সময়মতো মানসম্মত বীজ ও সুষম মাত্রায় সার ব্যবহারের আহ্বান জানান এবং কৃষি বিভাগের মাঠপর্যায়ের পরামর্শ মেনে আধুনিক কৌশল প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আলিমুজ্জামান বলেন, ডাল ফসল মাটির উর্বরতা বাড়াতে সহায়ক এবং কম খরচে লাভজনক হওয়ায় চরাঞ্চল ও আবাদি জমিতে মসুর ও খেসারী চাষ সম্প্রসারণের বড় সুযোগ রয়েছে। প্রণোদনার বীজ ও সার যেন সঠিক কৃষকের হাতে পৌঁছায় এবং ফসলের মাঠে এর সুফল দৃশ্যমান হয়, সেজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিয়মিত তদারকি ও কারিগরি সহায়তা অব্যাহত রাখবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত কয়েকজন কৃষকের হাতে আনুষ্ঠানিকভাবে মসুর ও খেসারী বীজ এবং ডিএপি ও এমওপি সার তুলে দেওয়া হয়। সময়মতো বিনামূল্যে বীজ ও সার পেয়ে সন্তোষ প্রকাশ করেন শিবচরের প্রান্তিক চাষিরা তারা জানান, এই সহায়তা উৎপাদন খরচ কমিয়ে চলতি মৌসুমে ভালো ফলন পেতে বড় ভরসা হয়ে উঠবে।









