রবিবার, ২২ নভেম্বর ২০২৬

ইউএনওর মানবিক উদ্যোগে বিনা খরচে টনসিল অপারেশন পেল অষ্টম শ্রেণির ছাত্রী জান্নাতুল

ইউএনওর মানবিক উদ্যোগে বিনা খরচে টনসিল অপারেশন পেল অষ্টম শ্রেণির ছাত্রী জান্নাতুল
Google পছন্দে যোগ করুন

মাদারীপুর (শিবচর) প্রতিনিধি:

দীর্ঘদিনের তীব্র যন্ত্রণা, দারিদ্র্যের নির্মম বাস্তবতা আর চিকিৎসার খরচ জোগাতে না পারার অসহায়ত্ব—সবকিছু কাটিয়ে নতুন আশার আলো দেখল মাদারীপুরের শিবচর উপজেলার অষ্টম শ্রেণির ছাত্রী জান্নাতুল আক্তার (১৫)। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের আন্তরিক উদ্যোগ এবং স্থানীয় ক্লিনিক কর্তৃপক্ষের সহযোগিতায় বিনা খরচে তার গলার টনসিলের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

গত শুক্রবার (২০ নভেম্বর) ভোরে পাঁচ্চরের রয়েল হাসপাতালে জান্নাতুলের টনসিলের অস্ত্রোপচার করা হয়। সে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকাচিকাটা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় আল-বাইতুল মামুর ফাজিল (সিনিয়র) মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আট বছর বয়সে জান্নাতুলের গলায় টনসিলের সমস্যা ধরা পড়ে। শুরুতে তা সহনীয় পর্যায়ে থাকলেও গত পাঁচ-ছয় মাসে ব্যথা তীব্র ও অসহনীয় হয়ে ওঠে। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন। তবে ঢাকার একটি রডের দোকানে শ্রমিক হিসেবে কাজ করা জান্নাতুলের বাবার পক্ষে পাঁচ সদস্যের সংসার চালানোর পাশাপাশি অস্ত্রোপচারের ব্যয় বহন করা ছিল অসম্ভব। উপায় না পেয়ে চিকিৎসার সহায়তা চেয়ে দ্বারে দ্বারে ঘুরলেও কোথাও সাড়া পাচ্ছিলেন না জান্নাতুলের মা।

একপর্যায়ে অসহায় মা শরণাপন্ন হন শিবচর ইউএনও এইচ এম ইবনে মিজানের। ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে পরিবারের কষ্টের কথা শুনে বিলম্ব না করে তিনি যোগাযোগ করেন শিবচর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি আবুল খায়ের খানের সঙ্গে। ইউএনওর অনুরোধে সাড়া দিয়ে সমিতির পক্ষ থেকে বিনা মূল্যে অস্ত্রোপচার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়। গত শুক্রবার ভোরে সফল অস্ত্রোপচারের পর ইউএনও নিজে হাসপাতালে গিয়ে জান্নাতুলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

কৃতজ্ঞতা প্রকাশ করে জান্নাতুলের পরিবার জানায়, দ্বারে দ্বারে ঘুরে যখন কোনো পথ পাচ্ছিলাম না, তখন ইউএনও স্যার ও ক্লিনিক কর্তৃপক্ষ পাশে দাঁড়িয়েছে। এখন মেয়ে সুস্থ আছে।

শিবচর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি আবুল খায়ের খান বলেন, “ইউএনও মহোদয় বিষয়টি জানালে আমরা সহযোগিতায় এগিয়ে আসি এবং বিনা মূল্যে অস্ত্রোপচার ও চিকিৎসার ব্যবস্থা করি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখতে চাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন, “মেয়েটির অসহায়ত্বের কথা জানার পর চিকিৎসার উদ্যোগ নিই। ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি সহযোগিতায় এগিয়ে আসায় তাদের ধন্যবাদ জানাই। সমাজের অসহায় রোগীদের পাশে দাঁড়াতে ক্লিনিক মালিকদের প্রতি আহ্বান জানাই।

Link Copied