রবিবার, ২২ নভেম্বর ২০২৬

সদরপুরে নিম্নমানের কাজের কারণে ধসে পড়ল গোরস্থানের সীমানাপ্রাচীর, ঝুঁকিতে কবর

সদরপুরে নিম্নমানের কাজের কারণে ধসে পড়ল গোরস্থানের সীমানাপ্রাচীর, ঝুঁকিতে কবর
Google পছন্দে যোগ করুন

ফরিদপুরের সদরপুর উপজেলার শৌলডুবী নূর-এ মদীনা গোরস্থানের সরকারি অর্থায়নে নির্মিত সীমানা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) ভেঙে পড়েছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে প্রাচীরটি ধসে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে গোরস্থানটি অরক্ষিত হয়ে পড়েছে। প্রাচীরের ভাঙা অংশ দিয়ে গরু-ছাগলসহ বিভিন্ন গবাদিপশু অবাধে প্রবেশ করে কবরের মাটি ও কাঠামো নষ্ট করছে। এ অবস্থায় স্বজনদের কবরের সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত সীমানা প্রাচীর পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, গোরস্থানের পবিত্রতা ও নিরাপত্তা রক্ষায় সরকারি অর্থায়নে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়। তবে নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং যথাযথ তদারকির অভাবে প্রাচীরটি টেকসই হয়নি বলে অভিযোগ রয়েছে। নির্মাণের কিছুদিনের মধ্যেই প্রাচীরের বিভিন্ন অংশ ধসে পড়ে।

স্থানীয় বাসিন্দা মনসুর বেপারী বলেন, সীমানা প্রাচীর ভেঙে যাওয়ায় গবাদিপশু সহজেই গোরস্থানে প্রবেশ করছে। এতে অনেক কবরের মাটি সরে যাচ্ছে এবং কবরের কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

এলাকাবাসী বলেন, গোরস্থান একটি পবিত্র স্থান। এখানে তাঁদের পূর্বপুরুষ ও স্বজনরা চিরনিদ্রায় শায়িত রয়েছেন। নিম্নমানের নির্মাণকাজের কারণে সীমানা প্রাচীর ভেঙে যাওয়ায় কবরগুলোর নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তাঁরা দ্রুত প্রাচীরটি পুনর্নির্মাণের পাশাপাশি নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তদন্তের দাবি জানান।

গোরস্থানের সভাপতি হাজী মো. সেলিম তালুকদার বলেন, গোরস্থানের পবিত্রতা ও কবরগুলোর সুরক্ষা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে সীমানা প্রাচীর নির্মাণ করা প্রয়োজন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

Link Copied