নরসিংদীর মনোহরদীতে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৪ জন ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৩৩ জনসহ মোট ১৮৭ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে
এ সংবর্ধনা অনু্ষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল।
বক্তব্যে তিনি শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক ও অভিভাবকদের অবদানের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলনসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।