রোহিঙ্গা সংকটের বাস্তব পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ এবং আশ্রিত রোহিঙ্গাদের সামগ্রিক জীবনযাত্রা সম্পর্কে ধারণা নিতে কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা।
আজ সকালে কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল উখিয়ার ট্রানজিট ক্যাম্প ও বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিনিধিদলটি উখিয়ার ৬ নম্বর ক্যাম্পের রোহাং হেরিটেজ সেন্টার, ৯ নম্বর ক্যাম্পের টার্কিশ হাসপাতাল এবং ৪ নম্বর ক্যাম্পের বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) খাদ্য বিতরণ কেন্দ্রসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তাঁরা সাধারণ রোহিঙ্গা বাসিন্দা, নারী ও যুবকদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন এবং ক্যাম্পে তাদের বর্তমান জীবনযাত্রা, নানা সংকট এবং নিজ দেশ মিয়ানমারে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের আকুলতার কথা শোনেন।
হাইপ্রোফাইল এই পরিদর্শনে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, সংসদ সদস্য এস কে আজিজুল বারী, সংসদ সদস্য সাঈদ আল নোমান, সংসদ সদস্য সানজিদা ইসলাম এবং সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম।
এ ছাড়া স্থানীয় পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং উখিয়া-টেকনাফের সাধারণ জনগণের বিভিন্ন সংকটের চিত্র তুলে ধরতে প্রতিনিধিদলের সাথে যুক্ত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী উপস্থিত ছিলেন উখিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি'র সভাপতি জনাব সরোয়ার জাহান চৌধুরী। পরিদর্শনে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (RRRC) এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, সংসদীয় কমিটির এই সরাসরি মাঠ পর্যায়ের পর্যবেক্ষণ ও মূল্যায়ন রোহিঙ্গা সংকটের আন্তর্জাতিকীকরণ, কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি এবং দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন প্রক্রিয়াকে আরও বেগবান করতে সরকারের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।