অভিজিত শীল, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ):
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম চাঙ্গা করার লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠান থেকে উপজেলার ৮৮টি সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে ফুটবল বিতরণ করা হয়।
নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মু. মিজানুর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মজনু মিঞা, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা শাখার আমীর মো. ইয়াকুব আলী, নাচোল পৌরসভা শাখার আমীর ও মেয়র পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম এবং নায়েবে আমীর ডা. মো. রফিকুল ইসলাম। এ ছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় নাচোল উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম আরও ফলপ্রসূ করা এবং বিদ্যালয়গুলোর সার্বিক পরিবেশ উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে বিদ্যালয় পরিচালনায় প্রশাসনিক সমন্বয় জোরদার, শিক্ষকদের পেশাগত দায়িত্বশীলতা বৃদ্ধি এবং স্থানীয় শিক্ষা খাতের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা হলো একটি দক্ষ, আলোকিত ও নৈতিকতাসম্পন্ন প্রজন্ম গঠনের মূল ভিত্তি। কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত মেধার বিকাশ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষা বিভাগ ও স্থানীয় প্রশাসনের যৌথ ও সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।
এদিকে উপজেলার ৮৮টি সরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল বিতরণের এই উদ্যোগ শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করবে এবং সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা। বক্তারা উল্লেখ করেন, পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ এবং দলগত নেতৃত্বের মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নিয়মিত এমন মাসিক সমন্বয় সভার আয়োজন নাচোল উপজেলার প্রাথমিক শিক্ষার সার্বিক পরিবেশ ও পাঠদানের মানোন্নয়নে কার্যকর প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।