কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খয়েরচারা মাতৃ মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনার পর নিরাপত্তা জোরদারে মন্দির কমিটির কাছে সিসি ক্যামেরা হস্তান্তর করেছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমারখালী উপজেলা শাখা ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সংগঠনটির উদ্যোগে মাতৃ মন্দির কমিটির সদস্যদের হাতে ২টি সিসি ক্যামেরা তুলে দেওয়া হয় ।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাতে খয়েরচারা মাতৃ মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে । এ ঘটনার পর প্রশাসন তদন্ত শুরু করে । তবে মন্দিরে সিসি ক্যামেরা না থাকায় ভাঙচুরের সাথে জড়িতদের তাৎক্ষণাত শনাক্ত করা সম্ভব হয়নি।
সিসি ক্যামেরা হস্তান্তরকালে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কুমারখালী উপজেলা শাখার সভাপতি তপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুদীপ সাহা, জেলা কমিটির সদস্য বিকাশ কুমার বিশ্বাস, পৌর শাখার সভাপতি দিপেন্দ্রনাথ পাল, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ কুমার বিশ্বাস এবং মাতৃ মন্দিরের সাধারণ সম্পাদক কৌশিক বিশ্বাসসহ সংগঠনের অন্যান্য উপস্থিত ছিলেন ।
মন্দিরের নিরাপত্তা জোরদার এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সিসি ক্যামেরা স্থাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন ।