আটোয়ারীতে আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১ হাজার ১৮ মেট্রিক টন, প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি:
২০২৬-২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ অভিযানে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার জন্য ১ হাজার ১৮ মেট্রিক টন সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। খাদ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সংগ্রহ শাখার গত ১১ নভেম্বর ২০২৬ তারিখের অনুমোদিত বরাদ্দপত্র অনুযায়ী এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় আমন ধানের উৎপাদন দেখানো হয়েছে ৯ হাজার ৪০৫ মেট্রিক টন।
সরকারি এ সংগ্রহ কার্যক্রমের আওতায় প্রকৃত কৃষকদের কাছ থেকে সরাসরি ন্যায্যমূল্যে ধান ক্রয় করা হবে। প্রতি কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন পর্যন্ত ধান সরবরাহ করতে পারবেন।
এদিকে, উপজেলা পর্যায়ে আমন ধান সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিরুপমা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ধান সংগ্রহের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম দুলাল, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি মো. খলিলুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা এবং এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) আজমল খানসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
সভায় নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ এবং কৃষকরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই সহজে সরকারি গুদামে ধান দিতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।









